তুরস্কের কাছে ‘টাইফুন যুদ্ধবিমান’ বিক্রি করছে জার্মানি

তুরস্কের কাছে ইউরোফাইটার টাইফুন জেট বিক্রি করছে জার্মানি। বুধবার জার্মান সরকার জানিয়েছে, তারা তুরস্কের কাছে ইউরোফাইটার টাইফুন জেট বিক্রির অনুমোদন দিয়েছে।

জার্মান সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস বার্লিনে সাংবাদিকদের বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে প্রতিরক্ষা মন্ত্রণালয় তুরস্ক সরকারকে রপ্তানি অনুমোদনের বিষয়ে একটি লিখিত নিশ্চয়তা পাঠিয়েছে।’

তিনি বলেন, ‘ফেডারেল সরকার ইন্ড্রাস্ট্রির প্রাথমিক অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে। সরকারকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা বিমানের অর্ডার দিতে চায় কিনা।’

বুধবার ইস্তাম্বুলে উভয় দেশের প্রতিরক্ষা প্রধানদের সমঝোতা স্মারক স্বাক্ষরের পর যুক্তরাজ্যের একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, টাইফুন যুদ্ধবিমান রপ্তানির দিকে একটি ‘বড় পদক্ষেপ’ নেওয়ার বিষয়ে যুক্তরাজ্য এবং তুরস্ক একমত হয়েছে।

আধুনিকায়ন ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে ২০২৩ সাল থেকে এই যুদ্ধবিমান কেনার তৎপরতা চালিয়ে আসছে আঙ্কারা। বিশেষজ্ঞদের মতে, টাইফুন জেট পেলে তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুসংহত ও শক্তিশালী হবে।

 

এনএএন টিভি